অক্টোবর ১১, ২০২৬, ০৪:১১ পিএম
তুরস্কে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জামায়াতের শীর্ষ নেতারা।
তাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।
এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান।
সফরকালে গত ৮ অক্টোবর তুরস্কের পার্লামেন্ট স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠকে স্পিকারের পাশাপাশি তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় সহযোগিতার অপার সম্ভাবনাসহ নানা বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশবিষয়ক গবেষণা, কার্যকর নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক কোনো সাময়িক বিষয় নয়; তুরস্কের জনগণের সঙ্গে এ দেশের মানুষের শত বছরের ঐতিহাসিক ও ঐতিহ্যগত ভ্রাতৃত্বের মেলবন্ধন রয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলন পর্ব সমাপ্ত করে ডা. শফিকুর রহমান সৌদি আরবে যান। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে রোববার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে স্বদেশে প্রত্যাবর্তন করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন