অক্টোবর ১১, ২০২৬, ০৩:৪৩ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবীপক্ষের শুভ সূচনায় দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহাশক্তির আবহন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় গণেশতলা বারোয়ারী সমিতি রথখোলা দুর্গা মন্দির ও রায়সাহেব বাড়ির যৌথ উদ্যোগে শনিবার রাতে ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণেশতলা বারোয়ারী সমিতি ও রথখোলা দুর্গা মন্দিরের সভাপতি সুশীল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ধর্ম যার যার, কিন্তু এই বাংলাদেশ সবার। তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ও সম্পূর্ণ নিরাপদে নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন করবেন এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের মূল শক্তি।
উদ্বোধকের বক্তব্যে শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, জগতের সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করার বার্তা নিয়েই মা দুর্গা মর্ত্যে আগমন করেন। তিনি সমাজের সব ভেদাভেদ ও অশুভ শক্তি দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সুশীল চন্দ্র দাস উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবার পূজার সরকারি ছুটি এবং আর্থিক অনুদানের বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগের জন্য তিনি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার বাপ্পি।
আলোচনা সভা চলাকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমিটির পক্ষ থেকে এলাকার দরিদ্র ও অসহায় নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাসুদুল হক, রায়সাহেব বাড়ির এজেন্ট চিত্ত ঘোষ, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক পাভেল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক উত্তম কুমার রায়, শারদা মন্দির কমিটির সভাপতি রত্না মিত্র, রেনেসাঁ ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বাসন্তী পূজা কমিটির সভাপতি মিন্টু ঘোষ এবং বুড়া কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শান্ত গুহ।
পুরো আয়োজনের সঞ্চালনা করেন নৃসিংহ বিশ্বাস পলক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির সহসভাপতি রণজিৎ দত্ত। আলোচনা ও বস্ত্র বিতরণ শেষে মহালয়া এবং দেবীর আগমনী বার্তা নিয়ে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন