রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
ভারতের রাজনীতি

আন্দোলন থামবে না সাফ জানালেন মুক্তি পাওয়া ককরোচ পার্টির প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ০৩:৩৪ পিএম

আন্দোলন থামবে না সাফ জানালেন মুক্তি পাওয়া ককরোচ পার্টির প্রধান

ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তি পেয়েই চলমান আন্দোলন কোনো অবস্থাতেই থামবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। রোববার (১১ অক্টোবর) মুক্তির পরপরই তিনি মহারাষ্ট্রে অবস্থিত নিজের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। যাত্রার আগে তিনি জানান, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে দলীয় নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দ্রুতই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংবাদ সম্মেলন করবেন।

গ্রামের বাড়িতে যাওয়ার আগে দেওয়া এক বক্তব্যে প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দেন দীপকে।

তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, দলের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে যতই দমনমূলক পদক্ষেপ নেওয়া হোক না কেন, তাদের এই রাজনৈতিক আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি বলেন, ১০ অক্টোবর দিনটিকে ভারতে একনায়কতন্ত্র শেষের সূচনা হিসেবেই বিবেচনা করা হবে।

এর আগে রোববার দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দেয়।

শনিবার বিমানে করে দিল্লিতে অবতরণের পরপরই ফ্লাইটের ভেতর থেকে তাদের হেফাজতে নিয়েছিল পুলিশ। এরপর রোববার সকালে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের অবিলম্বে মুক্তির আদেশ দিলে তারা ছাড়া পান।