অক্টোবর ১১, ২০২৬, ০৪:৩৬ পিএম
দিনাজপুর জেলা কারাগারের মানবিক উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন এক নারী হাজতির নবজাতক সন্তানের জন্য উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী হাজতি এক পুত্রসন্তানের জন্ম দেন। মা ও সন্তানের সুস্থতা কামনা করে জেলা কারাগার কর্তৃপক্ষ তাঁদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে।
উপহার সামগ্রী পৌঁছে দেন কারা কর্মকর্তারা। দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ মাইন উদ্দিন ভূঁইয়া, জেলার সিরাজুস সালেহীন এবং ডেপুটি জেলার খাতুনে জান্নাতের সৌজন্যে প্রসূতি মা ও নবজাতকের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, বন্দিদের মৌলিক মানবিক অধিকার ও সহমর্মিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা নবজাতকের আগমন উপলক্ষে পরিবারটির সুস্বাস্থ্য ও কল্যাণ প্রত্যাশা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন