অক্টোবর ১১, ২০২৬, ০৪:৫৮ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলাকালে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার ফের আটক করেছে পুলিশ।ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌঁছান আইসা সভাপতি।
সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে কর্মসূচি পালন করার সুযোগ পাননি তিনি। নেহা বোরা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে দেখা যায়, তিনি অন্য আন্দোলনকারীদের সঙ্গে দৌড়ে এলাকা ছাড়ার চেষ্টা করছেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত ২ অক্টোবর থেকে দিল্লিতে চলমান আন্দোলনে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। কর্মসূচি চলাকালে প্রায় প্রতিটি বিক্ষোভ থেকেই পুলিশ তাঁকে আটক করে আসছে।
এর আগে শনিবার দিল্লির যন্তর মন্তরে যাওয়ার রাস্তাগুলোতে পুলিশের কড়া পাহারা ছিল। সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই তিনি আকস্মিকভাবে পৌঁছান এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখান থেকেও তাঁকে আটক করা হয়েছিল।
পরের দিন রোববার তিনি আন্দোলনের কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের সুনির্দিষ্ট স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দেন নেহা বোরা। এরপর নির্ধারিত স্থানে পৌঁছে তিনি বিক্ষোভ শুরু করলে পুলিশ ফের তাঁকে আটক করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন