রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

মুগ্ধ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন: বিচার শুরুর নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ০৪:৪৭ পিএম

মুগ্ধ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন: বিচার শুরুর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৪ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এদিন এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালত কার্যক্রমের শুরুতেই আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেয়।

এরপর কাঠগড়ায় উপস্থিত আসামিদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চায়, তারা দোষ স্বীকার করবেন কি না। জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন।

গ্রেপ্তার আট আসামির মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান ও আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল হোসেন আলী। এছাড়া দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী ইরফানুল হক গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলায় ১৮ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

পলাতকদের তালিকায় রয়েছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তোহিদুল ইসলাম ও সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর।

এছাড়া উত্তরা পশ্চিম থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান, সাবেক কনস্টেবল আবু ছায়েম, সাবেক উপপরিদর্শক খালেদ আনোয়ার ও সাবেক সহকারী উপপরিদর্শক মো. রোকনুজ্জামান পলাতক হিসেবে মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত রয়েছেন।