অক্টোবর ৮, ২০২৬, ০১:০৬ পিএম
এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর সংশ্লিষ্ট ধারার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করায় এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পেয়েছে। বুধবার (৭ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, সরকারের প্রণীত নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তি কোনোভাবেই সারের ডিলারশিপ বা খুচরা বিক্রেতা হওয়ার সুযোগ পাবেন না।
কৃত্রিম সার সংকট দূরীকরণ এবং ডিলারশিপে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া আধিপত্য ভাঙতে সরকার নীতিমালায় এই সংস্কার আনে। গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
নীতিমালার ৩ (১১) ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, একই পরিবারের কোনো একজন সদস্যের নামে ইতিমধ্যে ডিলারশিপ কিংবা উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া খুচরা বিক্রেতার পরিচয়পত্র থাকলে পরিবারের অন্য কেউ ডিলারশিপ বা খুচরা বিক্রেতার পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন না।
নীতিমালায় পরিবারের সংজ্ঞাও সুনির্দিষ্ট করা হয়েছে।
এতে বলা হয়েছে, পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা এবং নির্ভরশীল ভাই-বোনদের বোঝানো হবে, যারা একই খানায় বা পরিবারে খাবার গ্রহণ করেন।
এই কঠোর নীতিমালার বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রওশন আরা বেগম ও তাঁর স্বামী। প্রাথমিক শুনানি শেষে গত ৫ অক্টোবর হাইকোর্ট ওই দম্পতির ক্ষেত্রে নীতিমালার ৩ (১১) ধারার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেছিলেন।
তবে হাইকোর্টের সেই আদেশ চ্যালেঞ্জ করে দ্রুত আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি আমলে নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেন।
আদালতে সরকারের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রিট আবেদনকারী পক্ষের শুনানিতে অংশ নেন আইনজীবী মো. ইকরামুল হক টুটুল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন