অক্টোবর ১১, ২০২৬, ০৫:৪১ পিএম
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফলভাবে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন রূপপুর প্রকল্পের এই সাফল্যের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বায়েরা।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্দেশিকা মেনে রাশিয়ার কারিগরি সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ ধাপ সফলভাবে সম্পন্ন হয়। প্রকল্পটির সবশেষ কারিগরি জটিলতা হিসেবে থাকা স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার ধাপটিও সফলতার সঙ্গে পার করেছে প্রকৌশলী দল।
ভালভ পরীক্ষার জটিলতা নিরসনের পর প্রকল্পের পরবর্তী ধাপ ‘বি টু’ শুরু হয়েছে।
এই নতুন ধাপে প্রাথমিক কার্যক্ষমতা অর্জনের জন্য পারমাণবিক চুল্লিকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়। চুল্লি প্রস্তুত প্রক্রিয়ার ধারাবাহিকতায় কেন্দ্রটিতে শুরু হয়েছে পারমাণবিক জ্বালানির ধারাবাহিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি পর্যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন