অক্টোবর ১১, ২০২৬, ০৬:৩৮ পিএম
আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে. একই সঙ্গে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে পাঁচ ট্রেনের অফ ডে প্রত্যাহার করা হচ্ছে.
রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়. যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত, ট্রেন সিডিউল রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত প্রধান পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলাচল করবে ঢাকা স্পেশাল-৩. এছাড়া ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ২০, ২৪ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে মোট তিন দিন চলাচল করবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২. পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর ২০২৬ তারিখে চলাচল করবে চট্টগ্রাম স্পেশাল-৪.
যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবর তারিখের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে. অন্যদিকে পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবর ২০২৬ তারিখের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে.
পূজা উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে পূর্বাঞ্চলে তেইশটি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে. ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে এবং সিডিউল বিপর্যয় দূর করতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালিত হবে.
ট্র্যাক ও ব্রিজের নিরাপত্তা নিশ্চিতে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুর্ঘটনাস্থলে দ্রুত প্রেরণের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে রিলিফ ট্রেনসমূহ. ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ সকল প্রধান স্টেশনে জিআরপি ও আরএনবি-এর সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে. এছাড়া কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেরিয়াল ডিউটি নিশ্চিত করা হবে.
সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সেতু বিভাগ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি, সংশ্লিষ্ট সচিব ও দপ্তর প্রধানসহ পুলিশ কমিশনার এবং পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন.

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন