সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরান ইস্যুতে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১১:১৩ পিএম

ইরান ইস্যুতে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ

ছবি - সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনে পশ্চিমা দেশগুলোর উসকানি ও সমর্থন থাকার অভিযোগ করেছে রাশিয়া। শুক্রবার নিরাপত্তা পরিষদের এই বৈঠকে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। 

তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর এই নীরবতা আন্তর্জাতিক পরিস্থিতির জন্য উদ্বেগজনক।জাতিসংঘের এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন।রাশিয়ার অভিযোগ, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশ এমন একটি গোষ্ঠীর প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে, যারা বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এর ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে দাবি মস্কোর। 

বৈঠকে রাশিয়ার প্রতিনিধি পরিষ্কারভাবে উল্লেখ করেন যে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার পেছনে কিছু নির্দিষ্ট দেশের মদদ রয়েছে, যা নিরাপত্তা পরিষদের মৌলিক নীতির পরিপন্থী।এদিকে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। সংস্থার মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন, কর্মীদের ধাপে ধাপে তেহরানে ফিরিয়ে আনা শুরু হয়েছে। ইতোমধ্যেই ছয়জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন। 

সাম্প্রতিক সময়ে বুশেহর প্রদেশে হামলা হলেও বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি, তবে ঝুঁকি এড়াতে আপাতত সেখানে স্বাভাবিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ফাঁস করার দাবি উঠলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। 

রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর পাল্টাপাল্টি অভিযোগে জাতিসংঘে ইরান ইস্যুটি নতুন মোড় নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরাপত্তার ঝুঁকি এবং কূটনৈতিক টানাপোড়েন নিরসনে নিরাপত্তা পরিষদের কোনো কার্যকর পদক্ষেপ আসে কি না, তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর এখন আলোচনার টেবিলের দিকে।