জুন ১৫, ২০২৬, ১০:৫৫ এএম
যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের সঙ্গে শান্তি চুক্তির ঘোষণার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।লেবাননে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করে তিনি জানান, নেতানিয়াহুর ওই পদক্ষেপ চূড়ান্ত শান্তিচুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল।
নেতানিয়াহুকে অত্যন্ত কঠিন একজন মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাতে পারে। ট্রাম্পের দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই মূলত তেহরানকে আলোচনায় বসতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে।
ইরান তৃতীয় কোনো হামলা চায়নি, বরং তারা টিকে থাকতে চায় বলেই এই চুক্তিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, তাদের চালানো সামরিক অভিযানগুলোই এই সমঝোতা বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন