রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা মামলায় আয়াসসহ চারজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ০৬:০২ পিএম

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা মামলায় আয়াসসহ চারজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সীমানা দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে মোছার চেষ্টার মামলায় ‍‍`রাষ্ট্র সংলাপ ফোরাম‍‍`-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত আ ন ম আয়াস ও সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার নথিসূত্রে জানা গেছে, শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা চালায় আ ন ম আয়াসের নেতৃত্বাধীন একটি দল। সে সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাধা দেয় এবং চারজনকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে শাহবাগ থানার উপপরিদর্শক জিয়াউল হক বাদী হয়ে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ৫ অক্টোবর সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটপাত সংলগ্ন দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ ১০ জন বরেণ্য গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি পেজ থেকে এই প্রতিকৃতিগুলোর তীব্র সমালোচনা করা হয়। ওই সমালোচনার পরদিনই আয়াসের নেতৃত্বে এই দেওয়ালচিত্রগুলো মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল।