মে ৮, ২০২৬, ১২:১১ পিএম
বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য স্থপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ। বাঙালির আত্মিক মুক্তি ও সংগ্রামের প্রেরণাদাতা এই বরেণ্য বাঙালির জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার তিন দিনব্যাপী জাতীয় কর্মসূচি হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে শুক্রবার জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা নিতাই রায় চৌধুরী।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।
জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রায় এক ঘণ্টার এই আয়োজনে থাকবে নৃত্য, সংগীত ও আবৃত্তি। এ ছাড়া কবির স্মৃতিধন্য নওগাঁর পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহিতেও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পারিবারিক ও রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পতিসরের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত থাকবেন। অন্যদিকে শাহজাদপুরের অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং দক্ষিণডিহিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া ঢাকাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শান্তি ও মানবিক মূল্যবোধের প্রসারে বিশ্বকবির জীবন ও কর্মকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য বলে মন্ত্রণালয় জানিয়েছে। দেশের সর্বত্র এই উৎসব সুচারুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ থেকে সারা দেশে একযোগে চার দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হবে। রাজধানী ঢাকা ছাড়াও সব জেলা শিল্পকলা একাডেমিতে কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। রাজধানীর ছায়ানটও দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। এ ছাড়া বাংলা একাডেমি, বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন