অক্টোবর ১৪, ২০২৬, ০৬:৫৫ পিএম
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে মোছার চেষ্টার মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো দুজন হলেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশ এবং মারজিয়া খন্দকার রিমি। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান শুনানি শেষে এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রিমান্ডের মেয়াদ শেষে এই দুই আসামিকে পুলিশি পাহারায় এজলাসে হাজির করা হয়। এর আগে আদালতের আদেশে আয়াশকে তিন দিন এবং রিমিকে দুই দিনের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক তা খারিজ করে দেন।
মামলার নথিপত্র অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সমাজে বিদ্বেষ ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর আগে একই মামলায় জড়িত থাকার অভিযোগে আরও দুই আসামিকে হেফাজতে নিয়েছিল পুলিশ।
তারা হলেন সাকিবুল হাসান ও সুজন শেখ। গত রোববার ঢাকার একই আদালত সাকিবুল হাসানকে তিন দিন এবং সুজন শেখকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। নির্ধারিত রিমান্ডের মেয়াদ শেষে গতকাল মঙ্গলবার তাদের দুজনকেই আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন