অক্টোবর ১৪, ২০২৬, ০৭:৫৪ পিএম
পাকিস্তানের মাটিতে ফাইনালের মহড়া ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বুধবার (১৪ অক্টোবর) চলমান অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ১৭ দশমিক তিন ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা ৫৮ বল বাকি থাকতেই সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
শুরুতেই ব্যাটিং ধসে পড়ে দল। ইনিংসের শুরুতেই মাত্র ১২ রান তুলতেই পাঁচটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার মাইমুনা নাহার সর্বোচ্চ ২৬ বলে ২৩ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে সাদিয়া আক্তার ২৬ বলে ১৭ রান যোগ করেন। এই দুই ব্যাটার ছাড়া দলের আর কোনো খেলোয়াড় দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
লঙ্কান বোলারদের তোপের মুখেই ভেঙে পড়ে বাংলাদেশের প্রতিরোধ। শ্রীলঙ্কার পক্ষে বল হাতে বিধ্বংসী রূপ নেন লিমানসা; তিনি মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। এছাড়া সিউমিনি শিকার করেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতে কিছুটা চাপের মুখে পড়লেও দ্রুতই পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। দলটির ব্যাটার ভিমুকশা ১৮ বলে ২২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে জয় সহজ করে দেন। শেষ দিকে নেথমি অপরাজিত ১৭ রান এবং লিমানসা ১০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারজানা ইয়াসমিন মেধা এবং তিথি দাস অপর্ণা একটি করে উইকেট শিকার করেন। নিয়মরক্ষার এই ম্যাচ হারলেও টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত রয়েছে বাংলাদেশের। আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও এই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন