ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৩৯ এএম
আজ রোববার ২১ ডিসেম্বর ২০২৫ তারিখের খেলার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে সেই ভোরবেলা থেকেই। ক্রিকেট প্রেমীদের জন্য আজকের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে দুবাইয়ে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল লড়াই। যেখানে শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও ভারত।
হাইভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১১টায় সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ক্রিকেটের পাশাপাশি আজ রাতে ইউরোপিয়ান ফুটবলের বড় দলগুলোর ম্যাচ দেখার সুযোগ রয়েছে ভক্তদের সামনে।
দিনের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে আজ মেলবোর্ন রেনেগেডস ও হোবার্ট হারিকেনস মুখোমুখি হবে বেলা ২টা ১৫ মিনিটে। এছাড়া নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও শ্রীলঙ্কার লড়াই দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভক্তদের জন্য রাত সাড়ে ৮টায় আইএল টি-টোয়েন্টিতে থাকছে ডেজার্ট ভাইপার্স ও এমিরেটসের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচ।
ফুটবল প্রেমীদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে উৎসবের। লা লিগায় আজ সন্ধ্যা ৭টায় জিরোনার মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। এরপর রাত সোয়া ৯টায় মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা যাদের প্রতিপক্ষ ভিলারিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগেও আজ বড় ম্যাচ রয়েছে যেখানে রাত সাড়ে ১০টায় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে। একই সময়ে জার্মানির বুন্দেসলিগায় হাইডেনহাইমের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী বায়ার্ন মিউনিখ। প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে বিভিন্ন জনপ্রিয় স্পোর্টস চ্যানেল এবং মোবাইল অ্যাপে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন