রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ফারাক্কা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ১১, ২০২৬, ০৩:১৭ পিএম

ফারাক্কা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

ছবি: দিনাজপুর টিভি

ফারাক্কা চুক্তিতে বাধ্যতামূলক গ্যারান্টি ক্লজ যুক্ত করে নবায়ন এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মধ্য দিয়েই ভারতকে প্রকৃত বন্ধুত্বের প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আগামী ১২ ডিসেম্বর বিদ্যমান ঐতিহাসিক ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে ভারত এই চুক্তিতে সুনির্দিষ্ট গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করে তা নবায়ন করবে এবং দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪টি যৌথ নদীর পানির সুষম বণ্টন নিশ্চিত করবে। এর মাধ্যমেই নয়াদিল্লি প্রমাণ করতে পারবে তারা বাংলাদেশের সত্যিকারের বন্ধুপ্রতীম রাষ্ট্র।

বিগত সরকারের সময়ের দ্বিপক্ষীয় সম্পর্কের বিতর্কিত দিক তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, আগের ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের একতরফা রাজনৈতিক সমর্থন নিয়ে দেশে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ফলে এবার পানির ন্যায্য হিস্যার ক্ষেত্রে আনুষ্ঠানিক গ্যারান্টি ক্লজ যুক্ত করে চুক্তি নবায়ন করা হলে সেই পুঞ্জীভূত বিতর্কের অবসান ঘটবে এবং ভারত তাদের প্রকৃত বন্ধুত্ব প্রমাণ করতে সক্ষম হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু এবং সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

মীরগড়ের বর্তমান কাঠের সেতু সংলগ্ন এলাকায় ২০৩ কোটি টাকা ব্যয়ে নতুন আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব একনেক সভায় অনুমোদিত হওয়ায় স্থানীয় এলাকাবাসী প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।

প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় যান। সেখানে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা লিফলেট বিতরণ করেন।