রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ১১:৩৭ এএম

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন বিপুলসংখ্যক চালক। এই আকস্মিক সড়ক অবরোধের ফলে আশপাশের সব রাস্তায় দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে এবং তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত চালকদের প্রধান অভিযোগ, অযৌক্তিক ডাম্পিং এবং সড়কে নির্বিচারে তাদের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে।

অটোরিকশা চালক ইমাম হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের এই আন্দোলনের পেছনে একটিই মূল কারণ রয়েছে। সড়কে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই গাড়ি ডাম্পিং করে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে ইউটার্ন নিতে গেলেই গাড়ি আটকে রাখা হচ্ছে। পরে চালকেরা কাগজপত্র নিয়ে গাড়ি ছাড়িয়ে আনতে গেলে তা ফেরত না দিয়ে আজ-কালের অজুহাতে হয়রানি করা হয়।

তিনি জানান, বর্তমানে তিন-চারজন চালক গাড়ি ছাড়ানোর সরকারি স্লিপ হাতে নিয়ে দীর্ঘক্ষণ ধরে ঘুরছেন। রোববার গাড়ি ফিরিয়ে দেওয়ার নির্ধারিত তারিখ থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি। তিনি দাবি করেন, এই অন্যায় আচরণের প্রমাণ তাদের হাতে রয়েছে।

পরিবারের সংকটের কথা তুলে ধরে ইমাম হোসেন আরও বলেন, গাড়ি বন্ধ থাকলে তাদের ঘরে খাবার জোটে না। সংসার, সন্তান এবং বৃদ্ধ মা-বাবাকে নিয়ে চালকেরা চরম সংকটে পড়েছেন। অনেকে ধারদেনা ও ঋণ নিয়ে জীবিকার তাগিদে অটোরিকশা কিনেছেন, কিন্তু যানবাহন আটকে রাখায় সেই ঋণের সাপ্তাহিক বা মাসিক কিস্তি পরিশোধ করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আরেক অটোরিকশা চালক রবিউল আলম জানান, পুরো রাজধানীতে যানবাহন চালানোর দাবি তারা করছেন না। তাদের মূল দাবি হলো, নির্ধারিত যে পথগুলোতে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না।

তিনি উল্লেখ করেন, সরকারের বিধিনিষেধ মেনে তারা মিরপুর রোডে গাড়ি তোলেন না। কিন্তু সম্প্রতি ধানমন্ডি সংলগ্ন সড়কগুলোতেও তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে গেলেই যানবাহন সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। এই বৈষম্যমূলক পদক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার অনড় অবস্থান ব্যক্ত করেছেন চালকেরা।