রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

মাঝ আকাশে বিমানে পাওয়ার ব্যাংকে আগুন: জরুরি অবতরণে রক্ষা পেলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ০৬:২৪ পিএম

মাঝ আকাশে বিমানে পাওয়ার ব্যাংকে আগুন: জরুরি অবতরণে রক্ষা পেলেন যাত্রীরা

ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) দিল্লি থেকে চেন্নাইগামী সিক্স-ই-সিক্স-ওয়ান-ওয়ান-ফাইভ নম্বর ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের বসার আসনের ওপরে থাকা ব্যাগেজ বক্সে একটি পাওয়ার ব্যাংকের ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়।

পরিস্থিতি দেখে কয়েকজন যাত্রী নিজেদের ব্যাগ চেপে ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

পরে বিমানের কেবিন ক্রুরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। উদ্ভূত জরুরি পরিস্থিতিতে বিমানটির গতিপথ পরিবর্তন করে তেলেঙ্গানার শামশাবাদে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিরাপদে জরুরি অবতরণ করানো হয়।

বিমানের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।

যাত্রীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, মাথার ওপরের লাগেজ রাখার প্রকোষ্ঠে আগুন জ্বলছিল এবং তীব্র আতঙ্কের মধ্যে যাত্রীরা দ্রুত তা নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাওয়ার ব্যাংকটির ব্র্যান্ড এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।