অক্টোবর ১১, ২০২৬, ০৭:১৯ পিএম
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের ও সাধারণ মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যবহার হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম, নতুন গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর জোর দিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন এবং নানা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সেই লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে সরকার থেকে অবশ্যই বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু মনে রাখতে হবে, এটি জনগণের কষ্টার্জিত অর্থ। আমি প্রত্যাশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে পুরোপুরি দেশের স্বার্থে এবং মানুষের সার্বিক কল্যাণে ব্যয় হয়, সেদিকে আপনারা সবাই নিবিড় মনোযোগ দেবেন।
সরকারি দায়িত্ব পালনকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার বিশেষ সুযোগ বলে অভিহিত করেন তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় যারা সরকারি দায়িত্বে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা অনেকটাই সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুবিধাকে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক সুযোগের চেয়ে দেশের মানুষের সেবায় লাগানো উচিত।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা যারা এখানে দায়িত্বে রয়েছি, সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই একটি সুবিধাপ্রাপ্ত অবস্থানে আছি। সৃষ্টিকর্তা আমাদের দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য কিছু করার একটি সুযোগ করে দিয়েছেন। যার যতটুকু পরিসরে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, সেই কাজটুকু যেন আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পন্ন করি। এই আন্তরিক প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার।
দায়িত্ব পালনের সময়কাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কাজ করার সুযোগ সব সময় চিরস্থায়ী থাকে না। তাই যে কর্মকর্তা যখন যে প্রশাসনিক পদে বা দায়িত্বে থাকবেন, তাকে সেই সময়টুকু দেশের ও জনগণের মঙ্গলে সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে।
সভা শেষ করার আগে সবাইকে দেশসেবায় নিবেদিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যার হাতে যত দিন দায়িত্বের সুযোগ থাকবে, সেই সময়টুকু যেন দেশ ও জনগণের প্রকৃত কল্যাণে কাজে লাগাতে পারি।
প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী সভায় উপস্থিত কর্মকর্তাদের উন্মুক্ত মতামত দেওয়ার আহ্বান জানান। মাঠের বাস্তব অভিজ্ঞতা সরকারের নীতি নির্ধারণে সরাসরি সহায়তা করে বলে তিনি মন্তব্য করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই পর্যালোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন