অক্টোবর ১১, ২০২৬, ১১:২৪ এএম
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। শনিবার দিল্লিতে বিমান অবতরণের পরপরই বিমানের ভেতর থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর রোববার সকালে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তাদের দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাদের অবিলম্বে মুক্তির আদেশ দেয়।
শীর্ষ নেতাদের আদালত থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বার্তা প্রকাশ করেছে দলটি।
সিজেপির পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয়, শেষ পর্যন্ত দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। ওই বার্তায় দলটি আরও মন্তব্য করে, ককরোচরা কখনো মরে না।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে শনিবার থেকে মধ্য দিল্লিতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
এই কর্মসূচিকে ঘিরে পুরো এলাকাজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মী, সমাজকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কনটেন্ট নির্মাতাসহ সাত হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন