অক্টোবর ১১, ২০২৬, ০৫:৫৭ পিএম
তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু.
রোববার বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান.
মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসকের উদ্যোগে জমজমাটভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো. কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে সেই ধারাবাহিকতা বন্ধ ছিল. স্টেডিয়ামটি দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় মাঠ ঘাস ও আগাছায় ভরে গিয়েছিল. পরবর্তীতে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে.
তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরায় সক্রিয় করা গেলে মাদকে জড়িয়ে পড়া তরুণ ও যুবসমাজের একটি অংশকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে. ইতোমধ্যে জেলার বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ দেখা যাচ্ছে এবং তারা আবার খেলার মাঠে ফিরছে. এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য.
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান জানান, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন. তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং তাদের মাঠমুখী করার এই উদ্যোগ সফল হবে.
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং নিয়মিত খেলার মাঠে আসার সুযোগ করে দিতে হবে. পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত থাকলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে.
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা.

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন