অক্টোবর ১০, ২০২৬, ০৮:১৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস,এম, জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোঃ আবুল হাসনাত অংশ নেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে কমিটির সভাপতি ও সদস্যদের সাথে মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব সম্পন্ন হয়। বৈঠকে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম এবং বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।
কার্যক্রম পর্যালোচনায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বা এডিপিতে বিদ্যুৎ বিভাগের অধীনে ৪১টি চলমান উন্নয়ন প্রকল্প রয়েছে। এতে প্রকল্প সাহায্য হিসেবে বরাদ্দ রয়েছে ১০ হাজার ৬৫৩ কোটি টাকা, সরকারি তহবিল বা জিওবি থেকে ৪ হাজার ৭১ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ৩ হাজার ৩৮১ কোটি ৮০ লাখ টাকা।
দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও বাস্তব উৎপাদনের তুলনামূলক চিত্র বৈঠকে বিশদভাবে তুলে ধরা হয়।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াটের বিপরীতে প্রকৃত উৎপাদন মিলছে ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট। এছাড়া তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মেগাওয়াট।
নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে জানানো হয়, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌর ব্যবস্থা স্থাপনকারী গ্রাহকরা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহকৃত উদ্বৃত্ত বিদ্যুতের প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা করে পাবেন।
ছাদভিত্তিক সৌর প্যানেল থেকে ঠিক কী পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, সেই পূর্ণাঙ্গ হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।
এছাড়া বৈঠকে মন্ত্রণালয় সংক্রান্ত কিছু সুনির্দিষ্ট প্রশ্ন সম্বলিত লিখিত কাগজপত্র উত্থাপন করা হয়। এসব প্রশ্নের যথাযথ উত্তর তৈরি করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন