তানভীর হাসান তানু
অক্টোবর ১০, ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: দিনাজপুর টিভি
ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩২২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রহিমানপুর ইউনিয়নে অবস্থিত লক্ষ্মী কোল্ডস্টোরেজে এই সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল হক। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহী করতেই এই বাণিজ্যিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আশরাফুল আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার ইমরান কবির, পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী লুৎফুল হাসান সরকার এবং লক্ষ্মী প্রিজার্ভস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফিজুল ইসলাম।
কারিগরি দিক থেকে এই প্রকল্প গ্রামীণ বিদ্যুতায়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
অনুষ্ঠানে লক্ষ্মী প্রিজার্ভস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফিজুল ইসলাম জানান, ৩২২ কিলোওয়াটের এই সোলার বিদ্যুৎ স্টেশন স্থাপনের মাধ্যমে তারা নিজস্ব কোল্ডস্টোরেজের যাবতীয় প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা সরাসরি মেটাতে পারবেন। এর পাশাপাশি অফ সিজনে যখন কোল্ডস্টোরেজের কার্যক্রম সীমিত থাকবে, তখন উৎপাদিত এই ৩২২ কিলোওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হবে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সার্বিক কারিগরি সহায়তায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই আধুনিক সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে লক্ষ্মী প্রিজার্ভস প্রাইভেট লিমিটেড। এই পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে প্রতিষ্ঠানটির মোট ব্যয় হয়েছে এক কোটি ২৫ লাখ টাকা।