শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, ঢাকায় উড়োজাহাজ ওঠানামা বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৬, ০৬:৪০ পিএম

বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ, ঢাকায় উড়োজাহাজ ওঠানামা বন্ধ

কক্সবাজার থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের চাকা খুলে যাওয়ার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে এই বিশেষ পরিস্থিতির কারণে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পারেন চালক। তাৎক্ষণিকভাবে তিনি ঢাকার নিয়ন্ত্রণ টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

জরুরি অবতরণ নিশ্চিত করার আগে উড়োজাহাজের জ্বালানি পুড়িয়ে ওজন কমানো এবং বিমানবন্দরে প্রাথমিক উদ্ধার প্রস্তুতি নিশ্চিত করতে আকাশে অবস্থান নেন পাইলট।

ফ্লাইট নজরদারি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, উড়োজাহাজটি অবতরণের আগে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আকাশে কয়েক দফা চক্কর দেয়। ওই সময় উড়োজাহাজটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে অবস্থান করছিল।

এদিকে জরুরি অবতরণের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে খালি করার নির্দেশ দেওয়া হয়।

ঢাকা নিয়ন্ত্রণ টাওয়ারের তথ্য অনুসারে, বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত রানওয়েতে বিমান পরিচালনা সম্পূর্ণ স্থগিত ছিল। অন্য একটি তথ্যে বলা হয়, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়। ওই সময় রানওয়েতে সব ধরনের দেশি-বিদেশি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে।

যেকোনো সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে রানওয়ে এলাকায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি উদ্ধারকারী দলের মহড়া ও অবস্থান নিশ্চিত করা হয়। পরে পাইলটের সতর্ক পরিচালনায় উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে স্পর্শ করে।

বিমান কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য অনুযায়ী, এই ঘটনায় উড়োজাহাজে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।