রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হিজাব নিয়ে মন্তব্যের জেরে ঢাবি শিক্ষিকাকে স্থায়ী বহিষ্কারের দাবি হেফাজতের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৬, ১১:২৭ পিএম

হিজাব নিয়ে মন্তব্যের জেরে ঢাবি শিক্ষিকাকে স্থায়ী বহিষ্কারের দাবি হেফাজতের

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে হিজাব নিয়ে মন্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাসনিম সিরাজ মাহবুবকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে সংগঠনটির জেলা শাখা আয়োজিত ‘শানে রেসালত সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে এই দাবি তোলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

হেফজাতে ইসলামের মহাসচিব স্পষ্ট করে বলেন, অভিযুক্ত শিক্ষিকাকে কেবল প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বিরত রাখলেই সংকট কাটবে না; তাকে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে স্থায়ী বহিষ্কার করতে হবে। ইসলাম ধর্মে নারীকে যে সর্বোচ্চ সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রদান করা হয়েছে, তা বিশ্বের অন্য কোনো মতাদর্শে নেই বলে তিনি মন্তব্য করেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব বলে ঘোষণা দেন মাওলানা সাজিদুর রহমান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর শানে কোনো ধরনের অপপ্রচার, কটূক্তি বা অবমাননাকর আচরণ দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা বরদাশত করবে না। প্রিয় নবীর সম্মান রক্ষায় দেশের মুমিন মুসলমানরা প্রয়োজনে জীবন উৎসর্গ করতে এবং রক্ত দিতেও পিছপা হবে না।

সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন হেফাজত মহাসচিব। তিনি দাবি জানান, মহানবী (সা.)-কে নিয়ে যেকোনো ধরনের কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সুস্পষ্ট বিধান রেখে জাতীয় সংসদে অনতিবিলম্বে কঠোর আইন পাস করতে হবে। একই সঙ্গে আহমদীয়া বা কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করার দাবি জানিয়ে সংসদে বিশেষ বিল উত্থাপন ও তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের জোর দাবি তোলেন তিনি।

দেশে ট্রান্সজেন্ডারবিষয়ক যেকোনো ধরনের পাঠ্যক্রম, শিক্ষা বা মতবাদ চালু করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন সাজিদুর রহমান।

ইসলামের আকিদা ও মৌলিক বিশ্বাস সংরক্ষণের স্বার্থে ‘হিজবুত তওহিদ’ সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। শতকরা ৯২ ভাগ মুসলমানের এই দেশে নারীদের আন্তর্জাতিক পরিসরে মার্জিত পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সাথে ধর্মীয় অনুভূতির সাথে সম্পর্কযুক্ত যেকোনো রাষ্ট্রীয় আইন প্রণয়ন বা জাতীয় নীতি গ্রহণের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ নেওয়ার আহ্বান জানান এই ধর্মীয় নেতা।

হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কোরাইশী এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।