অক্টোবর ১০, ২০২৬, ০৯:৪৪ পিএম
মাগুরায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে ১৮ জন সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং মাগুরা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ। এ সময় মাগুরা জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস জানান, ২০২৬-২৭ অর্থবছরে আর্থিক সহায়তার জন্য মোট ৩৯ জন সাংবাদিক আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্য থেকে ১৮ জনকে প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান করা হয়েছে। পরবর্তী কিস্তির তালিকা মন্ত্রণালয় থেকে আসার পর বাকি আবেদনকারীদেরও সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা এস কে ইমাম মেহেদী শাহ আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন