অক্টোবর ১০, ২০২৬, ১০:১৬ পিএম
চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং এটিকে আরও যুগোপযোগী করতে বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে অর্গানোগ্রাম সংশোধন করে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রটির চিকিৎসাসেবার পরিসর বাড়াতে এটিকে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালে রূপান্তরের প্রস্তাব উত্থাপন করা হয়।
শনিবার জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নতকরণ এবং তদারকীকরণ সংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহীত হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সভাপতিত্ব করেন। এতে অংশ নেন কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং ইকরামুল বারী টিপু এমপি।
সভায় পার্লামেন্ট মেডিকেল সেন্টারের চিকিৎসা সরঞ্জামগুলোকে আরও আধুনিক ও সময়ের চাহিদা অনুযায়ী উন্নত করতে বেশ কিছু দূরদর্শী পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসাসেবায় গতি ফেরাতে সেখানে একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি ও আরপিজি মেশিনের মতো আধুনিক সরঞ্জাম সংযোজনের প্রস্তাব করা হয়। এছাড়া জরুরি ও মুমূর্ষু রোগীদের নিরবচ্ছিন্ন সেবায় আইসিইউ সেটআপ সমৃদ্ধ নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহ এবং বিদ্যমান প্যাথলজি মেশিনগুলো আপগ্রেড করার বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।
এসব প্রস্তাবিত আধুনিকায়ন ও সরঞ্জাম ক্রয়ের জন্য প্রয়োজনীয় বিশেষ অর্থ বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে পরামর্শ দেয় কমিটি। অন্যদিকে, কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা যেসব রোগীর আরও উন্নত সেবার প্রয়োজন হবে, তাদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সার্ভিস নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে পার্শ্ববর্তী নামকরা ও প্রসিদ্ধ হাসপাতালগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের প্রস্তাব করা হয়, যাতে রেফারকৃত রোগীরা অগ্রাধিকার ভিত্তিতে আধুনিক সেবা পান।
কমিটির প্রথম পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন