রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

আলম আরা মিনুর নতুন গান কৃষ্ণ কালা প্রকাশ

বিনোদন ডেস্ক

অক্টোবর ১০, ২০২৬, ১১:৪৮ পিএম

আলম আরা মিনুর নতুন গান কৃষ্ণ কালা প্রকাশ

ছবি: সংগৃহীত

দেশের সঙ্গীতাঙ্গনের গুণী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনুর কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন মৌলিক গান ‘কৃষ্ণ কালা’। গানটির কথা ও সুর রচনা করেছেন প্রসেনজিৎ মণ্ডল। আলামিন খানের সংগীতায়োজনে তৈরি এই ট্র্যাকটির একটি দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন পরিচালক তৌফিক। সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়।

অনেক দিন পর একদম ভিন্ন ধাঁচের একটি গানে কণ্ঠ দেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলম আরা মিনু।

নিজের অনুভূতি প্রকাশ করে এই সংগীতশিল্পী জানান, গানটির কথা ও সুর তার হৃদয় ছুঁয়ে গেছে। গানটি বাণিজ্যিক ঘরানার ধাঁচে তৈরি হলেও এর কথা, সুর ও সংগীতায়োজনের মধ্যে বেশ নতুনত্ব ও ভিন্নতা রাখা হয়েছে। ভিডিও নির্মাণেও মুন্সিয়ানা দেখিয়েছেন পরিচালক। এমন চমৎকার একটি গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য গীতিকার ও সুরকার প্রসেনজিৎ মণ্ডলের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নতুন এই একক গানের বাইরেও সমসাময়িক কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন গুণী এই শিল্পী।

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘গান বাক্স’ অনুষ্ঠানে লালন লোহানীর লেখা এবং নাজির মাহমুদের সুরারোপিত ‘কিছুটা ভালোবাসি’ শিরোনামের একটি মৌলিক গান পরিবেশন করেছেন তিনি। এছাড়া খুব শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে তার বিশেষ একটি সাক্ষাৎকার।

আসন্ন দিনগুলোতেও একাধিক নতুন গানের কাজ নিয়ে স্টুডিওতে ব্যস্ত থাকবেন তিনি।

কয়েক দিনের মধ্যেই জহুরুল ইসলাম জনির কথা ও সুরে একটি এবং সুরকার মান্নান মোহাম্মদের সুরে আরও একটি নতুন মৌলিক গানে কণ্ঠ দেবেন তিনি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্য মিনুর নিজস্ব সুর করা গান নিয়ে একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্রযোজিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে তার সুর করা গানের পাশাপাশি দেশের অন্যান্য গুণী সুরকারদের সৃষ্টিও যুক্ত থাকবে।

দীর্ঘ সঙ্গীতজীবনে ‘যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘রাজপ্রাসাদের সুখ চাই না আমি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘সোনা দানা দামি গহনা’, ‘যে বাতাসে ফুটে ফুল’ এবং ‘তারপর একযুগ কেটে গেলো’-এর মতো কালজয়ী ও জনপ্রিয় অসংখ্য গানের মাধ্যমে শ্রোতাদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছেন আলম আরা মিনু।