অক্টোবর ১২, ২০২৬, ০২:০৭ পিএম
দিনাজপুরে কন্যাশিশু দিবস পালিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে। শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়`—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরবর্তীতে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দিবাযত্ন কেন্দ্রের কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম। আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল দিবাযত্ন কেন্দ্র, আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনসহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ১২টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন