অক্টোবর ৬, ২০২৬, ০৫:৪২ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ লিপি বেগম নামে ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ডাংশেরঘাট গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দলে ছিলেন থানার উপপরিদর্শক মোঃ এমদাদুল হক, সহকারী উপপরিদর্শক মোঃ সেকেন্দার আলী, সহকারী উপপরিদর্শক মোঃ মাসুদ রানা এবং নারী কনস্টেবলসহ সঙ্গীয় ফোর্স। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারীর স্বামী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে জিংকুর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
অভিযানকালে লিপি বেগমের পরনের কাপড়ের কোঁচা তল্লাশি করে প্রথমে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে তার পালিয়ে যাওয়া স্বামী জাহাঙ্গীর আলমের ফেলে রাখা আরও ৩০ পিস ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা। দুই দফায় উদ্ধার হওয়া মাদকের মোট পরিমাণ দাঁড়ায় ৫০ পিস।
আটক লিপি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নবাবগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা ডেভিড হিমার্দী বর্মন জানান, আটক নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পলাতক জাহাঙ্গীর আলম ওরফে জিংকুরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন