শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অলিউর রহমান মিরাজ

অক্টোবর ৩, ২০২৬, ০৬:১৪ পিএম

নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার সন্ধ্যায় তারা স্টেডিয়ামটির সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন। এ সময় তারা স্টেডিয়ামের খেলার মাঠ, অবকাঠামোগত অবস্থা ও বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্রীড়াচর্চার পরিবেশ নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নবাবগঞ্জে খেলাধুলার সার্বিক প্রসার, তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে ক্রীড়ামুখী করা এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এই মিনি স্টেডিয়ামের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। মাঠের আধুনিক উন্নয়ন ও খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তারা সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক স্থানীয় ক্রীড়ামোদী মানুষ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা নবাবগঞ্জের সামগ্রিক ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন এবং বছরজুড়ে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পরিবেশ তৈরির জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করেন।