শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
বিগ ব্যাশ লিগ

বিগ ব্যাশে দল পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৬:২০ পিএম

বিগ ব্যাশে দল পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ নারী বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) দল পেয়েছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা। ২৪ বছর বয়সী এই প্রতিভাবান অলরাউন্ডার পার্থ স্কর্চার্সের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছেন।

ফাতিমাকে দলে ভেড়ানোর মাধ্যমে আসন্ন মৌসুমের জন্য স্কর্চার্সের বিদেশি খেলোয়াড়ের কোটাও পূর্ণ হয়েছে। দলে তার সঙ্গী হিসেবে থাকছেন ইংল্যান্ডের ফ্রেয়া কেম্প ও নিউজিল্যান্ডের অভিজ্ঞ সোফি ডিভাইন। নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগে স্কর্চার্সের হয়ে প্রথম আটটি ম্যাচেই নিশ্চিতভাবে খেলতে পারবেন ফাতিমা। তবে পরবর্তীতে পাকিস্তান দলের অনুশীলন ক্যাম্পে যোগ না দেওয়ার অনুমতি মিললে তিনি পুরো মৌসুমেই খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এই চুক্তির সুবাদে ফাতিমা প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। এর আগে পাকিস্তানের হয়ে কেবল নিদা দারই এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, ফলে ইতিহাসের দ্বিতীয় পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ডব্লিউবিবিএলে মাঠে নামতে যাচ্ছেন ফাতিমা। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ১৫ বলে ফিফটি হাঁকিয়ে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। একই বছরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় খেলা প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হওয়ার গৌরবও অর্জন করেছেন ফাতিমা।

পার্থে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফাতিমা সানা বলেন, পাকিস্তান থেকে নারী বিগ ব্যাশ দেখে তিনি সবসময় ভাবতেন এই টুর্নামেন্টের অংশ হতে পারলে কেমন লাগবে।এখন স্কর্চার্সের প্রতিনিধিত্ব করা এবং স্টেডিয়ামের দর্শকদের সামনে খেলার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। আগামী ৩১ অক্টোবর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ খেলে এবারের নারী ডব্লিউবিবিএল মৌসুমের অভিযান শুরু করবে পার্থ স্কর্চার্স।