অক্টোবর ৩, ২০২৬, ০৩:৫৪ পিএম
দিনাজপুরে কবিতার ছোট কাগজ কাব্যকথার ছয় বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অবক্ষয়, দুর্নীতি ও সহিংসতা প্রতিরোধে কবিরা কবিতার মর্মবাণী সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন। সবাই মিলে দেশকে সুন্দর করার উদ্যোগ নিলে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ হিসেবে গড়ে উঠবে।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কাব্যকথা বইয়ের মোড়ক উন্মোচনের ফিতা কেটে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি গোলাম কিবরিয়া পিনু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মনোয়ার হোসেন এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। স্বাগত বক্তব্য দেন কাব্যকথার সম্পাদক নিরঞ্জন হীরা। শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী দাস ঝন্টু।
উৎসবের শুরুতে সাম্প্রতিক বাংলা কবিতার বিন্যাস ও শৈলী শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ-ই-মবিন জিন্নাহ, কবি ফরিদুল আজাদ মিলন, আলী ছায়েদ, কামরুজ্জামান গোপন, দিলরুবা শাহাদাৎ, জলিল আহমেদ, কামরুন বাহার আরিফ এবং কাব্যকথা সম্পাদক নিরঞ্জন হীরা।
অধিবেশনগুলোর সঞ্চালনায় ছিলেন কবি কমল কুজুর, মুনিরা লুবনা, কবি ও গবেষক বিধান দত্ত, মনিরা শাহনাজ চৌধুরী কেয়া এবং উৎসবের সদস্য সচিব নিরঞ্জন হীরা। আলোচনায় অংশ নেন গবেষক আজহারুল আজাদ জুয়েল, সুলতান কামাল উদ্দিন বাচ্চু এবং কবি অদিতী রায়। এর পাশাপাশি বাংলাদেশের ছোট কাগজ: সংক্ষিপ্ত সমীক্ষা এবং সাহিত্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক প্রবন্ধ পাঠ করেন রাজা সহিদুল আসলাম।
উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার আইনজীবী মাজহারুল ইসলাম সরকার। অনুষ্ঠানে কবিতায় গোলাম কিবরিয়া পিনু, সাহিত্য সংগঠক হিসেবে ইসলাম রফিক, সম্পাদনায় দিলরুবা শাহাদাৎ, প্রকাশনায় নাহিদা আশরাফী এবং কবি ও সংগঠক হিসেবে মাহাবুবা আক্তার চৌধুরীকে উত্তরীয় ও স্মারক ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। উৎসবে জোবায়ের আলী জুয়েল, মিতা চক্রবর্তী, স্বপ্না রানী রায়, নিরঞ্জন রায়, সোমা মালাকারসহ ৮০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন