অক্টোবর ৩, ২০২৬, ০৪:১৪ পিএম
মসজিদ কমিটির দুর্নীতিবাজ নেতৃত্বের কাছে ইমামদের মাথা নত না করার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। শনিবার দুপুরে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য স্পষ্ট করে বলেন, সমাজে টাকার উৎস বিবেচনা না করে অনেক সময় সুদখোর, ঘুষখোর কিংবা দুর্নীতিবাজ ব্যক্তিদের মসজিদ কমিটির সভাপতি করা হয়।
সম্মানীর চেয়ে ইমামদের সামাজিক সম্মান অনেক বড় জিনিস বলে মন্তব্য করেন তিনি। সংসদ সদস্য পিনাক বলেন, কোনো ইমাম যদি জেনেবুঝে দুর্নীতিবাজ সভাপতির কাছে নিজেকে সমর্পণ করেন, তবে সেই দায় সম্পূর্ণভাবে তার নিজের ওপরই বর্তাবে। অন্যায়ভাবে ক্ষমতা দেখিয়ে কাউকে কোনো অনৈতিক কাজে বাধ্য করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ইমামদের মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাই তাদের নীতিতে অটল থাকতে হবে। একমাত্র আল্লাহকে হাজির-নাজির জেনে সঠিক স্থানে সত্য কথা প্রকাশের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশ গঠনের স্বার্থে কুরআন ও হাদিসের আলোকে সুদ, ঘুষ, মাদক, দুর্নীতি, চাঁদাবাজি এবং অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে ইমামদের নিয়মিত সঠিক দিকনির্দেশনা ও মাসআলা তুলে ধরতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস আল্লামা মতিউর রহমান কাসেমী। জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশীদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন, বিরল পৌর ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম এবং উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মো. আরমান আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এম আক্কাস আলী, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ আলী, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম এবং বিরল আলিম মাদ্রাসার প্রভাষক ও পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. ফেরদৌস হোসেনসহ অনেকে।
সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা শেষে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন