অক্টোবর ৩, ২০২৬, ০৬:৩৩ পিএম
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের আরও কার্যকরভাবে প্রবেশের সুযোগ তৈরি করতে দক্ষতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন পেশার ব্যাপক চাহিদা থাকলেও এসব সম্ভাবনাময় খাত সম্পর্কে পর্যাপ্ত প্রচার-প্রচারণা নেই। তাই চাহিদাসম্পন্ন পেশাগুলো সম্পর্কে প্রচার বাড়ানোর পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর সুব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশের গুরুত্বপূর্ণ সম্পদ এবং তাদের সহযোগিতা করা হলে অর্থনীতি ও কর্মসংস্থানে আরও বেশি অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। সরকার ও বিএসআরএমের সহযোগিতায় বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে চান বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতা নিয়ে টিটিসিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। টিটিসিতে জনবল সংকট দূর করার বিষয়ে তিনি বলেন, নতুন জনবল নিয়োগে সময় লাগলেও এখন অপেক্ষা করে থাকার সুযোগ নেই এবং সিটি মেয়র শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি মন্ত্রণালয়ের সচিবকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। এর অংশ হিসেবে দ্রুত শ্রম আদালত পরিদর্শন, কনফারেন্স কক্ষ নির্মাণ, নারী বিচারপ্রার্থীদের জন্য পৃথক বসার কক্ষ এবং লিগ্যাল এইড-সংক্রান্ত সুবিধা নিশ্চিত করার কথা জানান তিনি। এর আগে মন্ত্রী চট্টগ্রামস্থ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, বিচারক ড. বেগম জেবুন্নেছা, ওসমান গনি ও পরিচালক হাফেজ আহমদ মজুমদার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন