মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ঢাকা জেলায় ১৬২ মেগাওয়াট পিকে পৌঁছেছে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৭:১৩ পিএম

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ঢাকা জেলায় ১৬২ মেগাওয়াট পিকে পৌঁছেছে

সরকারি ও বেসরকারি ভবনের ছাদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খাতুন এবং প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকা জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ২৮ হাজার ভবনের ছাদে ১৬২ মেগাওয়াট পিক গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ স্থাপিত হয়েছে।

এর মধ্যে ৮৪ শতাংশ স্থাপনা বেসরকারি ভবনে এবং ১৬ শতাংশ সরকারি ভবনে। অফ-গ্রিড স্থাপনাগুলো হিসাবের মধ্যে আনলে জেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের মোট ক্ষমতা দাঁড়ায় প্রায় ১৭৮ মেগাওয়াট পিক। জুনের পর থেকে নতুন করে ৫৫৭টি ভবনে প্রায় ২২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে, যার মধ্যে ৭১টি সরকারি ভবনে রয়েছে প্রায় ৭ মেগাওয়াট পিক।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকা জেলায় আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রার আওতায় ৫৯৬টি সরকারি ভবন অন্তর্ভুক্ত রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে জেলায় মোট সৌরবিদ্যুৎ ক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে পৌঁছাবে। একই সময়ে সরকারি ভবনে সৌরবিদ্যুতের সক্ষমতা প্রায় সাড়ে চার গুণ বাড়বে বলে সভায় জানানো হয়।

তবে সোলার স্থাপিত ভবনগুলোর মধ্যে মাত্র এক হাজার ৬৮৬টিতে নেট মিটারিং সংযোগ চালু রয়েছে। এ কারণে নেট মিটারিং সংযোগের সংখ্যা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।