শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৭:০৯ পিএম

আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় জেলা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের কাচারী বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নায়েবে আমির আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন এবং উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, সাবেক এই সেনা কর্মকর্তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা সেনানিবাস এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পরবর্তীতে তাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি প্রদান এবং নিরাপত্তা তদারককারী কর্মকর্তাকে মারধরের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এদিকে আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীসহ বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছেন। শনিবারের সমাবেশে জেলা নেতারা ঘোষণা করেন যে, তার বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।