অক্টোবর ১২, ২০২৬, ০৮:১৮ পিএম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ছয় বছর পর পাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ এবং গণনার কার্যক্রম চলছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
ট্রেজারিতে সংরক্ষিত ৯টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার এবং ৬টি সিলগালা করা খাম খুলে এসব মূল্যবান সামগ্রী প্রকাশ্যে আনা হয়। দিনভর অভিজ্ঞ স্বর্ণকারদের উপস্থিতিতে সোনার ক্যারেট যাচাই, ওজন নির্ধারণ এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা আলাদা করার কার্যক্রম পরিচালিত হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রচলিত বাজারদর অনুযায়ী স্বর্ণ ও রুপা নিলামে বিক্রি করা হবে। এছাড়া সংগৃহীত সব বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী রূপান্তর করে তহবিলে জমা করা হবে।
নির্ধারিত পরিমাপ অনুযায়ী, মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত স্বর্ণালঙ্কারের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ ভরি এবং রৌপ্যালঙ্কারের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৮ ভরি।
রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানিয়েছেন, বিশ্বের নানা দেশের মুদ্রার সংখ্যা অনেক বেশি হওয়ায় তা গণনা সম্পন্ন করতে সোমবার রাত আটটা বেজে যেতে পারে।
এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ ও রুপা উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছিল। তখন দীর্ঘ তিন বছর ধরে দানবাক্সে জমা হওয়া ৪১৫ ভরি সোনা ও ১৮৪ ভরি রুপা পাঁচটি পৃথক লটে ভাগ করে নিলামে তোলা হয়।
তৎকালীন সময়ে দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার বিনিময়ে ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা পাওয়া গিয়েছিল। ওই অর্থ সরাসরি রূপালী ব্যাংকে জমা হয় এবং নিলামের পূর্ব পর্যন্ত মূল্যবান অলঙ্কারগুলো জেলা কালেক্টরেটের ট্রেজারিতে সংরক্ষিত ছিল।
সবশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানসিন্দুকগুলো খোলা হয়েছিল। সে সময় নগদ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা গণনা করে পাওয়া যায়। বর্তমানে বিভিন্ন ব্যাংকে পাগলা মসজিদের নিজস্ব তহবিলে মোট ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে।
এছাড়া মসজিদের অফিশিয়াল ওয়েবসাইট চালুর পর থেকে এ পর্যন্ত অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান হিসেবে আরও ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা সংগৃহীত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন