অক্টোবর ৩, ২০২৬, ০৬:৫৭ পিএম
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রথম ম্যাচটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
টুর্নামেন্টের আয়োজক ডব্লিউসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কারিগরি জটিলতার কারণেই ম্যাচটি স্থগিত রাখতে হয়েছে।
এক আনুষ্ঠানিক বার্তায় আয়োজকরা জানিয়েছে, গত ৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নির্ধারিত পাকিস্তান চ্যাম্পিয়ন্স বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ম্যাচটি কারিগরি কারণে স্থগিত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আপডেট শিগগিরই জানিয়ে দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের অংশগ্রহণ ও প্রস্তুতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ও জটিলতার কারণেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ডব্লিউসিএলের উদ্বোধনী পর্যায়ের বিভিন্ন আয়োজনে অধিনায়কদের একসঙ্গে দেখা গেলেও সেখানে পাকিস্তান দলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সে সময় অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েসের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল উপস্থিত ছিলেন। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দল। টুর্নামেন্টের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ স্থগিত হলেও আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষেও দলটির ম্যাচ খেলার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন