মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
পিসিবির নিষেধাজ্ঞা

পিসিবির এনওসি না পেয়ে লিজেন্ডস টুর্নামেন্ট ছাড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ১১:২২ এএম

পিসিবির এনওসি না পেয়ে লিজেন্ডস টুর্নামেন্ট ছাড়ল পাকিস্তান

অনাপত্তিপত্র বা এনওসি না পাওয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। গত বছরের আসরে রানার্সআপ হওয়া দলটিকে এবারও টুর্নামেন্টে পেতে এনওসি আদায়ের চেষ্টা করেছিল লিগ কর্তৃপক্ষ।

কিন্তু কোনো সমঝোতা হয়নি। গত বছরই এই প্রতিযোগিতাকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে সময় এক বিবৃতিতে তারা টুর্নামেন্টটিকে ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বের’ বলে আখ্যা দেয়। খেলাধুলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার অভিযোগ তুলে এই ইভেন্টে কোনো ধরনের অংশগ্রহণ বরদাশত করা হবে না বলে সতর্ক করেছিল তারা। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের আয়োজনে পাকিস্তানের অংশগ্রহণের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার কথাও জানানো হয়েছিল। নিজেদের সেই সিদ্ধান্তেই অটল থেকেছে বোর্ড।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক বার্তায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স তাদের হতাশার কথা জানিয়েছে। তারা জানায়, প্রয়োজনীয় এনওসি দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তে পিসিবি অটল থাকায় চলমান ডব্লিউসিএল টুর্নামেন্টে তারা অংশ নিতে পারছে না বলে দুঃখের সঙ্গে ঘোষণা করছে।

চলতি বছরের টুর্নামেন্ট শুরু হয়েছে ৩ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়। আয়োজকেরা পিসিবির সঙ্গে সমঝোতা করে এনওসি পাওয়ার আশায় পাকিস্তানের ম্যাচের সূচি পুনর্নির্ধারণের পরিকল্পনা করেছিল। সোমবার অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু দলের আনুষ্ঠানিক বিবৃতির পর স্পষ্ট হয়ে গেল, টুর্নামেন্টে আর তাদের দেখা যাচ্ছে না।