সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:২৩ পিএম
জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকার কারণে বাছাই পর্ব খেলতে হয়নি বাংলাদেশকে। একই সুবিধা পেয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের বিদ্যমান সমীকরণ অনুযায়ী কোয়ার্টার ফাইনালে কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও সেমিফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে লাল-সবুজ প্রতিনিধিরা। আগামী ২৯ সেপ্টেম্বর কোরোইজি স্পোর্টস পার্কে টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। খেলাটি বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে।
এই গুরুত্বপূর্ণ নকআউট পর্বে বাংলাদেশের মুখোমুখি হবে প্রাথমিক পর্বের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে মালয়েশিয়া, হংকং ও ওমান। টেস্ট মর্যাদা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে এই তিনটি দলই বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। ফলে শেষ আটের এই বাধা পেরোনো টাইগারদের জন্য খুব একটা কঠিন হবে না বলেই ধারণা করা হচ্ছে।
তবে কোয়ার্টার ফাইনালের বাধা টপকে দল সেমিফাইনালে পৌঁছালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। টুর্নামেন্টের নির্ধারিত নকআউট ছক বিশ্লেষণ করে দেখা গেছে, সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
সূচি অনুযায়ী, প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান লড়বে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে আফগানিস্তান, নেপাল ও স্বাগতিক জাপান। প্রথম কোয়ার্টারে পাকিস্তান জয় পেলে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিতব্য সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি লড়াই হবে।
টুর্নামেন্টের অন্য দুটি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ভারত মাঠে নামবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের।
আগামী ৩ অক্টোবর এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের স্বর্ণপদক নির্ধারণী ফাইনাল এবং ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন