সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১১:১৯ এএম
এশিয়ান গেমসে পুরুষ হকির উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কোরিয়ান দল। টানা আক্রমণে বাংলাদেশকে পুরো সময়ই রক্ষণাত্মক ভূমিকায় আটকে রাখে তারা।
ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেননি লাল-সবুজের খেলোয়াড়রা। প্রথম কোয়ার্টারে আক্রমণ সামলে সমতা ধরে রাখলেও দ্বিতীয় কোয়ার্টারে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। এই কোয়ার্টারে মুহুর্মুহু আক্রমণ চালিয়ে তিনটি গোল আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া। বিপরীতে প্রথমার্ধে বাংলাদেশের ফরোয়ার্ডরা কোরিয়ার রক্ষণ ভেদ করে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি, ফলে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় দল।
বিরতির পরও খেলার ধরনে কোনো পরিবর্তন আসেনি। তৃতীয় কোয়ার্টারে আক্রমণ অব্যাহত রেখে আরও একটি গোল তুলে নেয় কোরিয়া। এরপর শেষ কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণ ভেঙে পঞ্চমবারের মতো বল জালে জড়ায় তারা।
পুরো চার কোয়ার্টারে বাংলাদেশ দল প্রতিপক্ষকে কোনো ধরনের চাপে ফেলতে পারেনি। পাঁচ গোল হজম করে টুর্নামেন্ট শুরু করায় কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন রাসেল মাহমুদ জিমি ও আশরাফুল ইসলামরা। তবে আসরের প্রাথমিক পর্বের ম্যাচ এখনও বাকি থাকায় ভুলত্রুটি শুধরে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যে লাল-সবুজের প্রতিনিধিদের পরবর্তী ম্যাচ আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন