শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
মাতৃত্বকালীন জরুরি সেবা

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান সেবা

অলিউর রহমান মিরাজ

অক্টোবর ৩, ২০২৬, ০৩:৩৫ পিএম

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান সেবা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় দুই প্রসূতি মায়ের সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে এই জরুরি স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন।

উদ্বোধনের দিনই সম্পূর্ণ বিনামূল্যে দুই প্রসূতি মায়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার হওয়া মায়েরা হলেন উপজেলার চকদলু গ্রামের ২০ বছর বয়সী খাদিজা এবং ৩৫ বছর বয়সী জাছিন্তা হাসদা। উদ্বোধনী কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিলয়, সহকারী অধ্যাপক ডা. আদনান আরাফাত, ডা. ইয়াবিদ আল সাফায়াত, ডা. ছাব্বির হোসেন, ডা. লিমা, ডা. তন্দাসহ অপারেশন থিয়েটারের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও নার্সরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, এই বিশেষ সেবা পুনরায় সচল হওয়ায় এখন থেকে স্থানীয় প্রসূতি মায়েদের জরুরি অস্ত্রোপচারের জন্য আর দূরের জেলা বা বেসরকারি ক্লিনিকে ছুটতে হবে না। ঘরের কাছে সরকারি ব্যবস্থাপনায় এই সুবিধা পাওয়ায় যাতায়াতের ভোগান্তি ও জরুরি সময়ের অপচয় অনেকটাই কমে আসবে।

পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি চিকিৎসা ব্যবস্থার পরিধি বাড়বে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয় পর্যায়ে সরকারি এই সিজারিয়ান সেবা নতুন করে চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।