শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে রাতের আঁধারে কৃষকের হাজার লাউগাছ কেটে সাবাড়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৫:৫৩ পিএম

নবাবগঞ্জে রাতের আঁধারে কৃষকের হাজার লাউগাছ কেটে সাবাড়

দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের দুই বিঘা জমির প্রায় এক হাজার ফলন্ত লাউগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মৌলভীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মাত্র একদিন পরই খেতের লাউ পাইকারদের কাছে বিক্রির কথা ছিল। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়েছিলেন কৃষক রেজাউল করিম। 

বিভিন্ন বেসরকারি সংস্থা ও পরিচিত মানুষদের কাছ থেকে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। ফলনও হয়েছিল আশাতীত। সবকিছু ঠিক থাকলে এই খেত থেকে অন্তত দশ থেকে বারো লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলেন রেজাউল। কিন্তু সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় রাতের অন্ধকারে।

ক্ষতিগ্রস্ত রেজাউল করিম জানান, নিজের সন্তানের মতো যত্ন করে গাছগুলো বড় করেছিলেন তিনি। খেতের পাশেই শ্রমিকদের নিয়ে দুপুরের খাবার খেতেন, সারাক্ষণ তদারকি করতেন। এখন বিপুল অঙ্কের ঋণ আর শ্রমিকদের মজুরি কীভাবে পরিশোধ করবেন, সেই চিন্তায় পথে বসার উপক্রম হয়েছে তার। ফসলের ওপর এমন নিষ্ঠুরতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। 

তাদের মন্তব্য, যে ব্যক্তি রাতের আঁধারে এভাবে লাউগাছ কাটতে পারে, সে মানুষও খুন করতে পারে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। তারা জানিয়েছে, নাশকতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।