অক্টোবর ৩, ২০২৬, ০৬:২৬ পিএম
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে এক নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো চলচ্চিত্র। নির্মাতা রুবাইয়াত হোসেনের বহুল আলোচিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি উৎসবের ৩৯তম আসরের এই গুরুত্বপূর্ণ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
প্রায় চার দশকের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা টোকিও উৎসবের মূল লড়াইয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্রটি এরই মধ্যে বিশ্বজুড়ে চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার এক হবু কনেকে ঘিরে। বিয়ের প্রস্তুতি, সৌন্দর্যচর্চা, পরিবার ও সমাজের নানা প্রত্যাশার ভিড়ে তার মানসিক টানাপড়েন এবং বাস্তবতার সঙ্গে স্বপ্ন, ভয়, স্মৃতি ও অলৌকিকতার মিশেলে নারীর ইচ্ছা, শরীর ও সৌন্দর্যবোধের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এতে। একই সঙ্গে বিয়েকে ঘিরে প্রচলিত সামাজিক রীতিনীতিও গভীর পর্যবেক্ষণে তুলে ধরা হয়েছে।
এটি নির্মাতা রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত বিভিন্ন কাজ আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হলেও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইতিমধ্যেই মর্যাদাপূর্ণ ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বিশেষ নজর কেড়েছে। এবারের আসরে বিশ্বের ১১২টি দেশ ও অঞ্চল থেকে জমা পড়া ১ হাজার ৮৯২টি সিনেমার মধ্য থেকে কঠোর বাছাইপ্রক্রিয়ার পর মূল প্রতিযোগিতার জন্য মাত্র ১৫টি চলচ্চিত্র চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে স্থান করে নিয়েছে এই বাংলাদেশি ছবি। আগামী ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর।
জাপানের এই মেগা আসরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলোর সঙ্গে মূল প্রতিযোগিতায় লড়বে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই অর্জনকে একটি বিরাট সাফল্য ও বিশ্বমঞ্চে দেশের প্রতিভার বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন