নভেম্বর ২১, ২০২৬, ০৫:৩৮ পিএম
ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, আর তারেক রহমানের রাজনীতি হলো সেই আলো ফিরিয়ে দেওয়ার রাজনীতি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন হবে এমন একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান তারেক রহমান।
ফ্যাসিবাদীদের শাসনামল প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা জোর করে ক্ষমতায় থেকে মানুষের দৃষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং দেশে গণ-অভ্যুত্থানের সময় ২০ হাজারের বেশি সন্তান গুরুতর আহত হন ও দেড় হাজার মানুষ নিহত হন।
ওই গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষের চোখ গুরুতরভাবে আহত হয় এবং তাদের মধ্যে এক হাজার তরুণ-তরুণীর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় বলে উল্লেখ করেন ড. এম. এ. মুহিত।
তারেক রহমানের করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ বক্তব্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই লক্ষ্য সামনে রেখেই জনগণকে সঙ্গে নিয়ে আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়ার কাজ এগোবে।
স্বাস্থ্য খাতের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতাল চালু করেছিলেন এবং পরে খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন।
তারেক রহমান সারা দেশে তৃণমূল পর্যায়ে ঘুরে মানুষের সমস্যা উপলব্ধি করেছেন এবং মানুষের বড় দুটি সমস্যা স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা বলে বুঝতে পেরেছেন বলে জানান প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে ড. এম. এ. মুহিত বলেন, প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন