নভেম্বর ২১, ২০২৬, ০৪:৫৫ পিএম
বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানান, এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
মাঠ পর্যায়ের কার্যক্রম গতিশীল করতে শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
মো. আমিনুল হক বলেন, যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়া হবে এবং এই উদ্যোগ সফল করতে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে।
দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং চলমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হবে, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করা হবে এবং কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
সারা দেশের যুব সমাজ ও যুব সংগঠকদের এক প্ল্যাটফর্মে আনতে দ্রুততম সময়ের মধ্যে যুব কাউন্সিল গঠন করা হবে বলেও জানান তিনি, পাশাপাশি ধারাবাহিকতা রাখতে প্রতি চার মাস পর পর মতবিনিময় সভা আয়োজন ও নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কঠোর নির্দেশনা দেন সব কর্মকর্তা-কর্মচারীকে।
সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণে যুক্ত করা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং বর্তমান সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রশিক্ষণ মডিউলে নতুন ট্রেড যোগ করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন