অক্টোবর ৩, ২০২৬, ০৭:০৪ পিএম
জরিমানা ছাড়াই মোটরযানের যাবতীয় নথিপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ধিত এই সময়সীমার মধ্যে কোনো প্রকার অতিরিক্ত বিলম্ব জরিমানা ছাড়াই কেবল মূল কর ও নির্ধারিত ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে।
গ্রাহকদের শেষবারের মতো সুযোগ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সব নথিপত্র হালনাগাদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি মোটরযান বিক্রির পর যথাযথভাবে মালিকানা পরিবর্তন না করলে এখন থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী কোনো মোটরযান হস্তান্তরের পর তার মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা ক্রয় করার পরও দাফতরিকভাবে মালিকানা পরিবর্তন না করে যানবাহন পরিচালনা করছেন, যার ফলে সাবেক মালিকদের ওপর বড় ধরনের আইনি ও আর্থিক দায় চেপে বসছে।
মালিকানা হস্তান্তর না করায় সাবেক মালিকদের বাধ্য হয়ে সংশ্লিষ্ট যানের নিয়মিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে দেড়শত শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। তবে এই সংক্রান্ত ভোগান্তি দূর করতে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন অনেক সহজ ও দ্রুতগতির করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। বিআরটিএ সেবা বাতায়নের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিলের পর কার্যালয়ে বিক্রেতার উপস্থিতিতে মুঠো যন্ত্রের মাধ্যমে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক নিশ্চিত করে একই দিনেই মালিকানা বদল সম্পন্ন করা হচ্ছে। একই প্রক্রিয়ায় নতুন ক্রেতাও ডিজিটাল নিবন্ধন সনদের জন্য বায়োমেট্রিক প্রদান করতে পারছেন।
এ পরিস্থিতিতে অবিলম্বে মালিকানা পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিআরটিএ জানিয়েছে, আইনের ১১ (১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি গুণমান পয়েন্ট বরাদ্দ থাকে। ট্রাফিক আইন অমান্য বা বিভিন্ন বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনায় আর্থিক জরিমানা ও কারাদণ্ডের অতিরিক্ত হিসেবে চালকের লাইসেন্স থেকে সুনির্দিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন