অক্টোবর ৬, ২০২৬, ০৬:১২ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রাণহানি থামছেই না। গত একদিনে মারা যাওয়া ১০ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ তিনজন মারা গেছেন সিটি করপোরেশনের বাইরের এলাকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন। এছাড়া বরিশাল বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। বরিশাল, ঢাকা ও রাজশাহীর এসব মৃত্যু সিটি করপোরেশনের বাইরের এলাকার।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকা। সেখানে একদিনে সর্বোচ্চ ৪৮০ জন রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের ০১ জানুয়ারি থেকে ০৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মোট প্রাণহানির মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ১২৭ জন। এছাড়া খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন